ডিজিটাল সেন্টার

৯ এপ্রিল, ২০১৮ ০৬:৩২  
প্রতি মাসে গড়ে দুই শতাধিক সেবাগ্রহীতা বিভিন্ন সেবা নিতে আসেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। জন্ম সনদের আবেদন ফরম, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে চাকরির আবেদন ফরম পূরণ, কম্পিউটার কম্পোজ, অনলাইনে জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাগজ উত্তোলনসহ বিভিন্ন সেবা নেওয়ার সুযোগ রয়েছে এই সেন্টারে। উমর মজিদ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা নিতে আসা ওই ইউনিয়নের বালাকান্দি গ্রামের সোহরাব হোসেন জানান, আমি জমির খতিয়ান তোলার কাজে এসেছি। ডিজিটাল সেন্টারের কারণে ভালোই সুবিধা হয়েছে। আগে এই কাজের জন্য ১০ কিলোমিটার দূরের উপজেলায় যেতে হতো। এখন হাতের কাছেই অনলাইন সুবিধা পাচ্ছি। হয়রানি ও সময়ের অপচয়— দু’টোই কম হচ্ছে। ওয়ারিশ সনদের আবেদন করতে আসা ফাতেমা খাতুন জানান, হাতের কাছে এমন সেবা পেয়ে ভালো লাগছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কারণে উপকার হচ্ছে। আমাদের আর অন্য কোথাও ঘোরাঘুরি করতে হচ্ছে না। এই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মমিনুল ইসলাম জানান, বিভিন্ন অনলাইন সেবা ছাড়াও এই ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়া হয়। ফলে ইউনিয়নবাসী হাতের কাছেই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন। অনেকে বিদেশ থেকে প্রিয়জনের পাঠানো টাকা এলাকায় বসেই তুলতে পারছেন।